মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক অভিযুক্ত হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিনচড়া ধরধরার পাড় এলাকার দেওনাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু
উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মো. ফারুখ (৩০) ও অমল (২৮)-এর বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা ঘোষণার পরপরই মো. ফারুখ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে কিছু সময়ের মধ্যে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দিন-রাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ক্ষতির মুখে পড়ছে। তারা দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, পরিবেশ সুরক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি এ ধরনের অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

