মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার হাটসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মোঃ বাইজিদ (১২)। তিনি হাটসারটিয়া গ্রামের প্রবাসী মোঃ নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইজিদ মাঝে মধ্যেই কাউকে না জানিয়ে স্কুল ভবনের ছাদে উঠত। ঘটনার দিনও সে একইভাবে ছাদে ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

