মোঃ শরিফ বিল্লাহ, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চিকন মাটি দোলা পাড়ার বাসিন্দা নজরুল ইসলাম তার ছেলে ওয়াহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে ওয়াহিদ পরিবারের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়ায়।
অভিযোগ রয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করত। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা ছিল নিত্যদিনের ঘটনা। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে বাবা নজরুল ইসলাম বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদকে আটক করে।

