সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে তলিয়ে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো শনিবার সকাল ৯টার দিকে মাসুক মিয়া ও বলাই দাশ গরুর জন্য ঘাস কাটতে ধলাই নদীর অপর পাড়ের হকতিয়ার খোলা এলাকায় যান। সকাল সাড়ে ১০টার দিকে ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। বলাই দাশ নিরাপদে নদী পার হতে সক্ষম হলেও মাসুক মিয়া তীব্র স্রোতে তলিয়ে যান।
নদীর তীরে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার চেষ্টা চালান। তবে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য,নদীতে পানি ও স্রোত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় ঘাসভর্তি বস্তা মাথায় নিয়ে নদী পার হওয়ার সময় মাসুক মিয়া স্রোতের সঙ্গে আর পেরে ওঠেননি।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কৃষকের কোনো সন্ধান মেলেনি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম জানান,উদ্ধার কাজে অংশ নিতে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

