স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ও প্লাস্টার ধসের চিহ্ন দেখায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ী ক্রেতারা ।
সরেজমিনে দেখা যায়, মার্কেট ভবনের দেয়াল, ছাদ এবং কলামজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে, যা ভবনটির দুর্বল অবস্থা স্পষ্টভাবে নির্দেশ করে। প্রতিদিন শত শত ব্যবসায়ী ও ক্রেতার উপস্থিতিতে ঝুঁকি আরও বাড়ছে।
এ বিষয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, “মার্কেট ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় ফাটল ও ভাঙন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
সচেতন মহল মনে করছেন, সম্ভাব্য প্রাণহানি রোধে দ্রুত ভবনটি বিশেষজ্ঞদের দিয়ে পরিদর্শন করিয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামত অথবা প্রয়োজনে ভেঙে নতুন করে নির্মাণ করা জরুরি। অন্যথায় যেকোনো সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

