দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণের আবেদন সংযুক্ত আরব আমিরাতের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, বেনজীর আহমেদ আটকের পরপরই তার বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত ১৪৪ পৃষ্ঠার নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে এবং অন্যগুলো তদন্ত পর্যায়ে রয়েছে। এসব বিষয়ে শিগগিরই বিস্তারিত অগ্রগতি জানানো হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ)’ কাঠামোর আওতায় সহযোগিতা চাওয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই বেনজীরকে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর গত ১২ জুন দুবাইয়ে আটক হন সাবেক এই পুলিশপ্রধান। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়। এখন বিষয়টি দেশটির আদালতের বিবেচনায় রয়েছে। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে বেনজীর আহমেদের।

