অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। তিনি নিজ দায়িত্বের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো মামলা বা বিচার কার্যক্রমে রাজনৈতিক চাপ বা প্রভাব বিস্তারের কোনো চেষ্টা তার নজরে আসেনি।
তার ভাষায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে কাজ করার সময় তাকে কোনো রাজনৈতিক নির্দেশনা বা চাপের মুখে পড়তে হয়নি, যা প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচারিক কার্যক্রমকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে গণমাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি, যাতে আদালতের বাইরে জনমত বিচার ব্যবস্থাকে প্রভাবিত না করে।
এক সময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তথ্য জনগণের সামনে উপস্থাপন করা। তবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

