অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর ফলে বাজারে পণ্যের দাম ক্রমেই বাড়ছে। একই ব্যক্তি যখন রাজনীতি ও ব্যবসা উভয় ক্ষেত্রে সক্রিয় থাকেন, তখন এ সমস্যা আরও গভীর হয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জাতীয় নির্বাচনের সময় সাধারণ মানুষের হাতে নগদ টাকা আসবে, যা বাজারে আরও মূল্যবৃদ্ধি ডেকে আনতে পারে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে তা নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.০৩ শতাংশে।
অর্থ উপদেষ্টা জানান, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সিন্ডিকেট, রাজনীতি ও চাঁদাবাজি—সব মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সতর্ক করেন, আগামী জাতীয় নির্বাচনের আগে যদি মুদ্রাস্ফীতি অব্যাহত থাকে, তবে পণ্যমূল্য আরও বাড়বে। তবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরের জুন নাগাদ মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নামতে পারে।

