সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক কাঠামোতে তেমন পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে শিগগিরই একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।
বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, স্বার্থ সংশ্লিষ্টতার কারণে মালিকপক্ষ ও সরকারের প্রভাবে গণমাধ্যমে অপসাংবাদিকতার সুযোগ তৈরি হয়। তিনি দাবি করেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো তৈরি করতে চায়।
তিনি জানান, গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রশংসাও পাওয়া গেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সরকারে গণমাধ্যম তুলনামূলকভাবে বেশি স্বাধীন থাকে এবং সরকার সাধারণত গণমাধ্যমের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তিনি মিথ্যা তথ্য প্রচারকে অপরাধ হিসেবে উল্লেখ করেন, তবে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়—এমন কোনো আইন না করার আশ্বাস দেন।
এ সময় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যমকর্মীদের আর্থিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানেই সাংবাদিকদের ন্যূনতম বেতন, প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির মতো সুবিধা নেই, ফলে পেশাগত জীবনে তারা নানা সংকটে থাকেন।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

