দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা উভয় পর্যায়ের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই মূল্যহার ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বাড়ানো হয়েছে। এতে পাইকারি গড় মূল্য ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা গড় মূল্য ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জও ৩১ দশমিক ৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৮ দশমিক ৮৬ পয়সা করা হয়েছে।
কমিশন জানিয়েছে, উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর জুন মাসের বিল থেকেই কার্যকর হবে।
এর আগে পিডিবি ও বিভিন্ন বিতরণ কোম্পানি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয় এবং গত ২০ ও ২১ মে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, আয় না বাড়লেও নিত্যপণ্যের পাশাপাশি বিদ্যুৎ বিলের চাপ বাড়ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না; শিল্প উৎপাদন, সেচ, ক্ষুদ্র ব্যবসা এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয়েও এর প্রভাব পড়তে পারে।

