যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন থেকে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ইলেকট্রিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
প্রতিষ্ঠানটি গত ২৪ এপ্রিল নিউইয়র্ক সিটির দুটি নির্ধারিত পয়েন্টের মধ্যে প্রথমবারের মতো ডেমো ফ্লাইট চালায়। চলতি সপ্তাহেও তারা পরীক্ষামূলক উড্ডয়ন অব্যাহত রেখেছে।
এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিগুলো আকারে বড় ড্রোনের মতো এবং সম্পূর্ণ ব্যাটারি চালিত। এতে একজন পাইলটসহ মোট পাঁচজন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।
কোম্পানির দাবি, এগুলো প্রচলিত হেলিকপ্টারের তুলনায় অনেক কম শব্দ সৃষ্টি করে এবং পরিবেশবান্ধব। তাদের লক্ষ্য হলো দীর্ঘ সময়ের সড়কপথের যাত্রা মাত্র কয়েক মিনিটের এয়ার ট্রাভেলে রূপান্তর করা, যেখানে প্রায় দুই ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে সম্পন্ন করা সম্ভব হবে।

