সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, এ ধরনের কনভেনশন কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং সেবামূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সমাজসেবার আদর্শকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে নতুন নেতৃত্ব, সৃজনশীল পরিকল্পনা ও কর্মোদ্যমের বিকাশ ঘটবে। এর ফলে মানবকল্যাণে পরিচালিত কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সেবার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
পরে তিনি কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

