মো আলম, বান্দরবান প্রতিনিধি:
শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে বান্দরবান জেলা প্রশাসন। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে দুই বাসচালককে জরিমানা করা হয়েছে।
সোমবার পরিচালিত এ অভিযানে প্রত্যেক চালককে ৫০০ টাকা করে মোট ২ জন চালককে ১০০০ জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবহৃত দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপা বিশ্বাস এবং ফারজানা সরকার। প্রসিকিউশনে ছিলেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে জেলা পুলিশ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন পয়েন্টে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে। নিষিদ্ধ হর্ন ব্যবহার না করতে সব যানবাহন চালককে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন শব্দদূষণ আইন, ২০০৬ অনুযায়ী নিষিদ্ধ।

