সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মাদকের হাট বড়গোপ টিলা থেকে বৈদেশিক মুদ্রা মদ বিয়ার জব্দ করেছে পুলিশ। রবিবার জব্দ তালিকা প্রণয়ণ শেষে গ্রেফতার এক নারী সহ তিন মাদক কারবারির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্তের মাদকের হাট বড়গোপ টিলার আলী রহমানের স্ত্রী গ্রেফতার জামেনা খাতুন, একই গ্রামের কালা মিয়ার ছেলে পলাতক আসামী রফিকুল ইসলাম, আব্দুল খালেকের ছেলে পলাতক আসামী সাদির মিয়া।
রবিবার সকালে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ বাদী হয়েছে ১৭ বোতল বিদেশি মদ, ১৪ ক্যান বিয়ার,বাংলাদেশি মুদ্রা,বৈদেশিক মুদ্রা জব্দ দেখিয়ে ওই তিন মাদক কারবারির নামে থানায় মামলা দায়ের করেন।
রবিবার সকালে মামলা দায়েরের পর দুপুরে গ্রেফতার নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
রবিবার বিকেলে থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান , শনিবার দিবাগত রাতে তাহিরপুরের চাঁনপুর সীমান্তের বড়গোপ টিলায় নিজ বসত ঘরে বিদেশি মদ বিয়ার ক্রয় বিক্রয়কালে স্থানীয় জনতা জামেনা খাতুনকে আটক করেন। ওই সময় জামেনার অপর দুই সহযোগি কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে আটককৃতকে আলামত সহ রাতেই থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

