ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ৪ মার্চ থেকে তিনি থাইল্যান্ডে অবস্থান করছিলেন।
তিনি বলেন, আসাদুজ্জামান ছিলেন একজন দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার পুলিশ কর্মকর্তা। আইন বিষয়ে তার গভীর জ্ঞান থাকায় সহকর্মীদের তিনি নিয়মিত পরামর্শ দিতেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আসাদুজ্জামান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে পুলিশে এসআই হিসেবে কর্মজীবন শুরু করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

