সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারে জেলা পর্যায়ের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত আধুনিক সুবিধাসম্পন্ন এ মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে জেলার ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মুনিমুল হক।
অবসরপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন,জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মামুন আল ফারুক,জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. নাসের রহমান বলেন,মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ধর্মীয় জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ ধরনের স্থাপনার মাধ্যমে ইসলামের শান্তি,সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন,ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি জ্ঞান ও সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন।
মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান বলেন, সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় শিক্ষা,গবেষণা,সংস্কৃতি চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এসব কেন্দ্রে ইমাম প্রশিক্ষণ,ইসলামিক গবেষণা, পাঠাগারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন,আধুনিক স্থাপত্য ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সমন্বয়ে নির্মিত এই মডেল মসজিদ জেলার মানুষের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

