২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য গোপন ও বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নির্ধারিত দিনে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। একইসঙ্গে ২০১৩ সালের ৫ মে রাতের ঘটনায় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং কয়েকটি টেলিভিশন সম্প্রচার বন্ধের ঘটনায় জড়িতদেরও মামলায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শাপলা চত্বরে অভিযানের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং সে সময় আন্তর্জাতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উসকানিমূলক সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৪ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করা হয়েছে।
বর্তমানে এ মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ কয়েকজন আসামি গ্রেফতার অবস্থায় রয়েছেন।

