জমিজমা সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রচলিত বিচারব্যবস্থার পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।
মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনের ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে, মধ্যস্থতা বা সালিশের মতো বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর মামলার চাপ কমবে এবং জমি-সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে।
তিনি আরও বলেন, শুধু জমি সংক্রান্ত নয়, সরকারের সব উন্নয়ন ও জনবান্ধব কর্মসূচিতে জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা হচ্ছে। অতীতের দীর্ঘ সময়ের শাসনামলে জনগণ যেসব ভোগান্তির শিকার হয়েছে, বর্তমান সরকার সেগুলো দূর করে অধিকারভিত্তিক প্রশাসন গড়ে তুলতে চায়।
তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে এবং নাগরিকদের সুবিধার্থে ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে বিরোধ নিষ্পত্তি সহজ হবে, অনিয়ম কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের প্রভাবও হ্রাস পাবে।

