বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জেভেইল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা করে। উভয়পক্ষ বিদ্যমান সম্পর্ককে আরও সম্প্রসারণ ও বহুমাত্রিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বাংলাদেশ-ইইউ সমন্বিত অংশীদারিত্ব চুক্তি এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

