ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ঝালকাঠি জেলা ভোক্তা-অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মা মেডিকেল হলকে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ১ হাজার টাকা এবং শাহ আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্তা-অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ পণ্য বিক্রি নিশ্চিত করা এবং বাজারে আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

