ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের জন্য কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কলেজের ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তথ্যে জানা যায়, মোটরসাইকেলে জ্বালানি তেল আনা নিয়ে দুই শিক্ষার্থী হামিদুর ও মোয়াজের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুজনই আহত হন। আহতদের মধ্যে মোয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় ছাত্রাবাস থেকে একজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী এক সপ্তাহের জন্য সব ধরনের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

