নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের এই সহিংসতায় শহরের গুরুত্বপূর্ণ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরূপা বাজার এলাকা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সোমবার দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঠিক একই সময়ে নতুন কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নিলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। বিকেল ৩টার দিকে এই উত্তেজনা সরাসরি সংঘর্ষে রূপ নেয়। শহরের কাঁঠালতলী ও বনরূপা এলাকায় দফায় দফায় চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের প্রভাবে বনরূপা এলাকার দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং প্রধান সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কড়া পদক্ষেপ হিসেবে পৌরসভা চত্বর থেকে বনরূপা এলাকা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

