আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার ফতেয়াবাদের সেকান্দর কলোনিতে বন্যাদুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সামাজিক ও মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ত্রাণ সহায়তার আয়োজন করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং জাতীয় দুর্যোগ, মহামারি ও মানবিক সংকটে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই উদ্যোগ ক্ষুদ্র হলেও আমরা আশা করি, এটি দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘবে সহায়ক হবে।”
তিনি দুর্যোগ মোকাবিলায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলোর প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চবি প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত পরিবারের মধ্যে শুকনো খাবার, জরুরি ওষুধ এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

