কেনিয়ায় লাগেজে ২,২০০ জীবন্ত পিঁপড়া পাচারের চেষ্টার দায়ে এক চীনা নাগরিককে ১২ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
বুধবার (১৫ এপ্রিল) নাইরোবির একটি আদালত এই রায় ঘোষণা করে। আদালতের আদেশ অনুযায়ী, দণ্ডপ্রাপ্তকে প্রায় ১০ লাখ কেনিয়ান শিলিং বা ৭ হাজার ৭৪৬ মার্কিন ডলার জরিমানা দিতে হবে।
মামলার বিবরণে জানা যায়, গত মাসে নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার লাগেজ তল্লাশি করে ২ হাজার ২০০টির বেশি জীবন্ত পিঁপড়া উদ্ধার করা হয়।
আদালত জানায়, সাম্প্রতিক সময়ে দেশে বন্যপ্রাণী ও পোকামাকড় পাচারের প্রবণতা বাড়ছে। এ কারণে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন ছিল, যাতে ভবিষ্যতে এমন অপরাধ নিরুৎসাহিত হয়।
তদন্তে উঠে আসে, এসব পিঁপড়ার চাহিদা চীনে রয়েছে, যেখানে শৌখিন সংগ্রাহকেরা বিশেষ ধরনের স্বচ্ছ পাত্রে পিঁপড়ার কলোনি পালন ও পর্যবেক্ষণ করে থাকেন।
অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে আদালতে দোষ স্বীকার করেন ওই চীনা নাগরিক।
এ ঘটনায় আরও একজন স্থানীয় নাগরিককে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তবে তিনি বর্তমানে জামিনে আছেন।

