মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে মিন্টু (৪৮) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের মালিক জমি দেখতে গিয়ে ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত মিন্টু নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। উদ্ধারকালে তার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

