জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয়টিকে একটি বাস উপহার দিচ্ছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (CSR) আওতায় এ অনুদান প্রদান করা হচ্ছে।
জানা যায়, গত ১ এপ্রিল তারিখে অনুষ্ঠিত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫১১তম সভায় বাসটি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বাসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩ লাখ ৮০ হাজার টাকা। ইতোমধ্যে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বিধিনিষেধের কারণে নতুন বাস ক্রয়ে জটিলতা থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের উদ্যোগে পূর্বে একটি বিআরটিসি ডাবল ডেকার বাস ভাড়াভিত্তিতে চালু করা হয়। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে পূবালী ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন এই বাস অনুদান নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাসটি যুক্ত হলে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য স্বস্তি ফিরে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, “পূবালী ব্যাংকের এই সহায়তা আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। এতে তাদের যাতায়াতের কষ্ট অনেকাংশে কমবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।”

