জামালপুরের দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৫–০ গোলে পরাজিত করেছে ব্রাজিল।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল দল। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর্জেন্টিনা কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
অন্যদিকে ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে একের পর এক গোল তুলে নেয় ব্রাজিল। দলের হয়ে রহিদ দুটি গোল করেন। এছাড়া তামরিজ, রিফাত ও সুমন একটি করে গোল করেন।
ম্যাচ শেষে মাঠজুড়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে নিয়মিতভাবে এমন ক্রীড়া আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

