শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল করিম (৪৪) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের দাবিতে বুধবার (৩ জুন) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিহত রেজাউল করিম মাগুড়া দোলাপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং মাগুড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, গত সোমবার (১ জুন) বিকেলে তিনি তার ফুফা আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে দুলাভাইয়ের প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল করিমের ওপর হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর বুধবার বিকেলে নিহতের লাশ সামনে রেখে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এতে হাজারো মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জাহেদুল ইসলাম, সেক্রেটারি এনামুল হক ও সমাজসেবক শাহ মুরাদ রুবেলসহ অনেকে।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরে জানাজার পূর্ব সমাবেশে বক্তব্য দেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু এবং সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব। জানাজা শেষে রেজাউল করিমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনার দিনই হত্যা মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১/২৬)। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

