শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে প্রাণ হারিয়েছেন শ্যালক। দুলাভাইয়ের প্রতিপক্ষের হামলায় আহত হয়ে দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের নাম রেজাউল করিম (৪০)। তিনি মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা যায়, রেজাউল করিমের দুলাভাই মাগুড়া দোলাপাড়া এলাকার গড়েরপাড়ের মৃত আজিম উদ্দিনের ছেলে আমিন উদ্দিন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
ঘটনার দিন সোমবার রেজাউল করিম আত্মীয়-স্বজন নিয়ে দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। এ সময় আমিন উদ্দিনের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে রেজাউল করিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আমিন উদ্দিন বলেন, তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শ্যালক দাওয়াতে এলে প্রতিপক্ষরা হামলা চালায়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

