এম এ আউয়াল আশিক:
বৈশ্বিক জ্বালানি সংকটে দেশে যখন বিদ্যুৎ সাশ্রয়ে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, ঠিক সেই সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুপাশে অনুমোদনহীন বিলবোর্ডে সারারাত জ্বলছে বিদ্যুৎ। এতে একদিকে যেমন অপচয় বাড়ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষোভ।
সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে স্থাপিত অসংখ্য বিলবোর্ডে অবাধে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতভর আলোকসজ্জা করা হচ্ছে। এসব বিলবোর্ডের বেশিরভাগেরই নেই বৈধ অনুমোদন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংকটের সময়েও এমন অপচয় প্রশাসনের নজরদারির অভাবকেই স্পষ্ট করছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়েজ) বিভাগের হাসনাবাদ শাখার সহকারী প্রকৌশলী ফারুক হোসেন জানান, “এলাকায় থাকা অধিকাংশ বিলবোর্ডই অনুমোদনহীন। আমরা বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় আছি।”
সংশ্লিষ্টদের মতে, এক্সপ্রেসওয়ের পাশে অনিয়ন্ত্রিতভাবে বিলবোর্ড স্থাপন শুধু বিদ্যুতের অপচয়ই নয়, সড়ক নিরাপত্তার জন্যও হুমকি। রাতের বেলায় অতিরিক্ত আলোর কারণে চালকদের দৃষ্টিবিভ্রাট ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় দ্রুত অবৈধ বিলবোর্ড অপসারণ ও বিদ্যুৎ অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

