স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ষবরণ উৎসব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙ্গিন ফুল, বর্ষবরণ লেখা প্ল্যাকার্ড এবং বিভিন্ন বৈশাখী উপকরণ।
নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা বর্ণিল পোশাকে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিথিদের মাঝে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।
পরে শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সমাজকল্যাণ কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

