চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোন বিক্রি, ভাড়া দেওয়া এবং শহরের বাইরে থেকে ড্রোন নিয়ে আসার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১ মে) থেকে নতুন এ বিধিনিষেধ কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ড্রোন মালিকদের ডিভাইস বাধ্যতামূলকভাবে পুলিশের কাছে নিবন্ধন করতে হবে। এছাড়া ঘরের বাইরে ড্রোন ওড়াতে হলে আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
ড্রোন ব্যবহারকারীদের জন্য অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করা এবং আইনসংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রাখা হয়েছে।
চীন সরকার ড্রোন ও ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রযুক্তিকে ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে দেখলেও বেইজিংয়ে নিরাপত্তা ঝুঁকিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, নিম্ন-উচ্চতার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন আইনে শহরের ভেতরে ড্রোন আনা-নেওয়ার ক্ষেত্রেও নিবন্ধনের প্রমাণ দেখাতে হবে। এমনকি মেরামতের জন্য বাইরে পাঠানো ড্রোন কুরিয়ারে না এনে মালিককে নিজে গিয়ে সংগ্রহ করতে হবে।
তবে সন্ত্রাসবাদ দমন, জরুরি উদ্ধার অভিযান ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিশেষ প্রয়োজনে অনুমতি সাপেক্ষে ড্রোন ব্যবহার করা যাবে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত চীনের বড় ড্রোন বাজারে প্রভাব ফেলতে পারে। বর্তমানে দেশটিতে ৩০ লাখের বেশি নিবন্ধিত ড্রোন রয়েছে এবং বিশ্বের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইর সদর দপ্তরও চীনে অবস্থিত।

