এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মরারপাড়া গ্রামে ফরহাদ হোসেন নামে এক ব্যাক্তি সালিশ দরবারের মাধ্যমে বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে নিজে পরিশোধিত হয়েছেন। তালাক নামায় স্বাক্ষর করেই তিনি ১১ কেজি দুধ দিয়ে গোসল করেন। গোসলের ভিড়িওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, দুই বছর পূর্বে বকশীগঞ্জের মরারপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে ফরহাদ হোসেন(২৬) পারিবারিক আলোচনা সাপেক্ষে পার্শবর্তী সূর্যনগর গ্রামের সুহানা খাতুন (ছদ্ম নাম)নামে এক যুবতীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নানা কারণে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ ও পারিবারিক বৈঠক হয়। কিন্তু কোনভাবেই তাদের সংসারে শান্তি ফিরে আসেনি। সর্ব শেষ সালিশ বসে ২৬ এপ্রিল। সালিশের চুড়ান্ত পর্বে তালাকের সিদ্ধান্ত হয়।
ওই সালিশেই উভয় পক্ষের সম্মতিক্রমে ফরহাদ হোসেন তার স্ত্রীকে খোলা তালাক দিয়ে সর্ম্পকের বিচ্ছেদ ঘটায়। তালাক নামায় স্বাক্ষর দিয়েই ফরহাদ হোসেন ১১ কেজি দুধ দিয়ে গোসল করেন। গোসলের ধারণকৃত ভিডিও ২৯ এপ্রিল তার সহপাঠিরা ফেসবুকে পোস্ট করেন। সোসাল মিডিয়ায় পোস্ট করায় বিষয়টি আলোচিত হয়ে উঠে। ঘটনা জানাজানি হলে ফরহাদের বাড়ীতে উৎসুক জনতার ভীড় জমে।
এব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা সোহেল জানান, তালাকের বিষয়টি নিয়ে ফরহাদ হোসেন অতিরঞ্চিত করেছেন। বিষয়টি সোসাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া তার ঠিক হয়নি। ঘটনাটি তার কাছে বিনোদন মূলক হলেও অপর পক্ষের জন্য কষ্টকর ও সম্মানহানি। অন্যকে কষ্ট দিয়ে বা অন্যের সম্মান হানি করে বিনোদন করা মোটেই যুক্তিসংগত নয়। এটাও এক প্রকার অপরাধ ও প্রতিপক্ষের সামাজিক সম্মানহানির অপচেষ্টা।

