বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁ গ্রামে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এক সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়েছে।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ভোগনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এলাইগাঁ গ্রামের পুরোহিত হেমন্ত কুমার রায়, সমাজকর্মী গণেশ রায় এবং ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নাট্য পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রমের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সামাজিক কুপ্রথা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম দেশের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা। এ ধরনের কুপ্রথা দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

