লন্ডনে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত ছুরিকাঘাতের ঘটনায় আদালতে দায়ী সাব্যস্ত দুই ব্যক্তির সাজা আজ (শুক্রবার) ঘোষণা করা হবে।
হামলার শিকার পোরিয়া জেরাতি লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর সাংবাদিক। ২০২৪ সালের ২৯ মার্চ দক্ষিণ-পশ্চিম লন্ডনের উইম্বলডনে নিজ বাসার বাইরে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি উরুতে তিনটি ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার আগে জেরাতির চলাফেরার ওপর নজরদারি করা হয় এবং পরে তার ওপর হামলা চালানো হয়। তদন্তে অভিযোগ করা হয়েছে, পুরো পরিকল্পনাটি এমন একটি তৃতীয় পক্ষের মাধ্যমে বাস্তবায়ন করা হয়, যারা ইরানি রাষ্ট্রের পক্ষে কাজ করছিল।
গত মাসে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে বিচার শেষে রোমানিয়ার নাগরিক ২১ বছর বয়সী নানদিতো বাদেয়া এবং ২৫ বছর বয়সী জর্জ স্তানাকে গুরুতর শারীরিক ক্ষতির উদ্দেশ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে আদালত দায়ী সাব্যস্ত করেন।
তবে বিচার চলাকালে দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন এবং অভিযোগ অস্বীকার করেন।
আজ লন্ডনের ঐতিহাসিক ওল্ড বেইলি আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে। ঘটনাটি যুক্তরাজ্যে বিদেশি রাষ্ট্রের কথিত প্রভাব, সাংবাদিকদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা।

