যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে যেকোনো ধরনের লজিস্টিক সহায়তা দেওয়াকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সোমবার (১৪ জুলাই) ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশ বা পক্ষকে তার পরিণতির দায় বহন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হস্তক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নৌচলাচলের জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করা কয়েকটি আঞ্চলিক দেশের কর্মকাণ্ড সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ইরানি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এ অঞ্চলের যেকোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

