রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানটান উত্তেজনার ম্যাচে গোল করে নতুন এক বিশ্বকাপ রেকর্ডও গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
শনিবার (৪ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দীর্ঘ পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ২০তম গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার কৃতিত্বও অর্জন করেন তিনি।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৯তম মিনিটে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দলই সুযোগ তৈরি করলেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শুরুতেই মেসির কর্নার থেকে লিসান্দ্রো মার্টিনেজ গোল করে আবারও এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তবে ১০৩তম মিনিটে সিডনি কাবরালের গোলে ফের সমতায় ফিরে কেপ ভার্দে।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, তখন ১১১তম মিনিটে মেসির কর্নার থেকে সৃষ্ট চাপে প্রতিপক্ষের ডিফেন্ডার বোর্জেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে মিশর, যারা অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে ইতিহাস গড়েছে।

