নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
রোগা বা স্বাভাবিক ওজনের মানুষ হলেও উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোলেস্টেরল শুধুমাত্র শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার অভ্যাস এর মূল নিয়ামক।
চিকিৎসকদের ব্যাখ্যায় জানা যায়, মানবদেহে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা শরীরের ওজনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। ফলে রোগা মানুষও অনেক সময় উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগতে পারেন।
বিশেষজ্ঞরা বলেন, প্রচলিত ধারণা অনুযায়ী কোলেস্টেরল শুধু স্থূল মানুষের সমস্যা—এটি সঠিক নয়। ওজন কম থাকলেও বিভিন্ন কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে।
চিকিৎসকদের মতে রোগা মানুষের উচ্চ কোলেস্টেরলের কয়েকটি প্রধান কারণ হলো—
১. জেনেটিক সমস্যা
ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া নামক রোগে লিভার অতিরিক্ত কোলেস্টেরল তৈরি করে এবং খারাপ কোলেস্টেরল (LDL) শরীরে ঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না। ফলে রোগা হলেও কোলেস্টেরল অনেক বেশি হতে পারে।
২. অন্যান্য রোগের প্রভাব
ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা ও ফ্যাটি লিভারের মতো রোগে কোলেস্টেরলের ঝুঁকি বেড়ে যায়। ধূমপান ও মদ্যপানও এ ঝুঁকি আরও বাড়ায়।
৩. ব্যায়ামের অভাব ও অস্বাস্থ্যকর জীবনযাপন
শরীরচর্চার অভাবে ভালো কোলেস্টেরল (HDL) কমে যায় এবং খারাপ কোলেস্টেরল (LDL) বেড়ে যায়। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া ও ফাস্টফুড নিয়মিত খাওয়াও কোলেস্টেরল বৃদ্ধির বড় কারণ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ওজন যাই হোক না কেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

