মীর সবুর আহমেদ, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের মুক্তাগাছায় দাওগাঁও ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো ও মাদকের বিরুদ্ধে বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাটবওলা বাজারে ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫শতাধিকত মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কাটবওলা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে, খাসের মোড়, কাঠবওলা বাজার প্রদক্ষিণ করে ওহাব নগর রাস্তার শেষ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর
আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ছাড়াও বক্তারা কিছুদিন পূর্বে মাদক ব্যবসায়ী করা অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানান। সেই সাথে মাদক কারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী দেন। স্থানীয় সূত্রে জানা যায়, দাওগাঁও ইউনিয়নটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলসংলগ্ন এলাকা এবং ফুলবাড়ীয়া উপজেলার সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সম্প্রতি এ নিয়ে এলাকায় একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। পথসভায় বক্তারা অভিযোগ করেন, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা এসব অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহল যেন মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় না দেয়, সে দাবিও তোলেন। বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ২জন গ্রাম পুলিশ, নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিদের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ করেছে।
তবে এলাকাবাসী মাদক নির্মূলে গ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। পথসভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন। তারা বলেন, এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবী শনাক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, নজরুল ইসলাম (মেম্বার), গোলাম কিবরিয়া সরকার, আলাল উদ্দিন আলো, ইলিয়াস উদ্দিন (মেম্বার), মুজিবর সরকার, সরকার কামাল, বিলাল সরকার, আব্দুস সালাম, নজরুল ইসলাম মিস্ত্রী, মুন্তাসির বিল্লাহ প্রমূখ।

