জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অন্তর অধিকারী এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরান হুসেইন দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১ জুন) সংগঠনের উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাইদুর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আকাশ মিয়া এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে মোছা. হেপি দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি অন্তর অধিকারী বলেন, “হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্ব। শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিয়ে আমরা একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলতে কাজ করব।”
সাধারণ সম্পাদক মো. কামরান হুসেইন বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও কার্যকর ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।”
উপদেষ্টা পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ঐক্য, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

