বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সেবা না পাওয়া, অতিরিক্ত অর্থ আদায়, সরকারি ওষুধের পরিবর্তে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা এবং খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছেন খামারিরা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশমুখে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ না করে বাঁকা প্লাস্টিকের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
মদনপুরা গ্রামের খামারি শামীম অভিযোগ করেন, কুকুরে কামড়ানো অন্তঃসত্ত্বা ছাগল নিয়ে হাসপাতালে গেলে তাকে বাইরে থেকে ব্লেড কিনতে বলা হয়।
এমনকি ক্ষত পরিষ্কারের কাজও তাকে নিজেই করতে হয়। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় ছাগলটি মারা যায়। সূর্যমনি ইউনিয়নের ফারুক হোসেন জানান, চিকিৎসকদের অবহেলা ও অর্থ দাবির কারণে তিনি খামার গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন।
উপজেলা মাঠ সহকারী (কৃত্রিম প্রজনন) মনিরুল ইসলাম জনবল সংকটের কথা উল্লেখ করেন। ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খামারিদের দাবি, শুধু আশ্বাস নয়, কার্যকর প্রশাসনিক তদারকি ও জবাবদিহির মাধ্যমে হাসপাতালের সেবার মান নিশ্চিত করা হোক।

