স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি এবং আর্থিক অসঙ্গতি খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অভিযোগগুলোকেও তদন্তের আওতায় আনা হবে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পের ফাইল সচিবের অনুমোদন ছাড়াই পাস করা হয়েছিল। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে কাজ সম্পন্ন না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব অভিযোগের কারণে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন স্থবির হয়ে আছে। দ্রুত সরেজমিন তদন্ত শেষে প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব প্রকল্পও পর্যায়ক্রমে তদন্তের আওতায় আনা হবে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

