সত্যজিৎ দাস:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সার কারখানা নতুন বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (১২ জুলাই) র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, ফেঞ্চুগঞ্জ থানাধীন সার কারখানা নতুন বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের আশপাশে দেশীয় অস্ত্র রয়েছে।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর রাখা একটি শপিং ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব জানিয়েছে,উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
র্যাব-৯ আরও জানায়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে র্যাবের তথ্য অনুযায়ী,২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল, ১৫৫টি এয়ারগান এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

