লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিজ ঘর থেকে স্বপ্না বেগম (প্রায় ৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বোর্ডঘর দক্ষিণটারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী। তিনি স্বামী পরিত্যক্ত হয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা স্বপ্না বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের এক স্বজন অভিযোগ করেন, মরদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় এবং ঘরের ভেতরের খাট ভাঙা অবস্থায় ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে বলেও তারা দাবি করেন। এ ঘটনায় তারা ধারণা করছেন, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করতে পারে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা যায়নি। তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

