ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে ‘অত্যন্ত জরুরি’ বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের কঠোর সামরিক প্রতিক্রিয়া প্রয়োজন হয়ে পড়েছিল।
বুধবার (৮ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দৃঢ় অবস্থান নিয়েছে এবং তার মতে, সেই পদক্ষেপ ছিল প্রয়োজনীয়।
রুটের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক কর্মকাণ্ডের জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্রই। একই সঙ্গে তারা দাবি করেছে, সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক সমঝোতার পরিপন্থী।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, মার্ক রুটের বক্তব্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি ন্যাটোর রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থান আরও কঠোর হওয়ার সম্ভাবনারও বার্তা দিচ্ছে।

