ঢাকায় জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন:
সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন
কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ
সাগর
আফজালুর রহমান সায়েম
ফাতেমা আফরিন পায়েল
আলিফ
জাহিদ
মেহেদী হাসান প্রিন্স
এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী
সোনিয়া আক্তার লুবনা
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২৭ মে দুপুরে জাহাঙ্গীর আলম জুলাই ফাউন্ডেশনের অফিসে গেলে তাকে একটি আলোবিহীন কক্ষে নিয়ে মারধর করা হয়। জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং অজ্ঞান করে ফেলা হয়। জ্ঞান ফেরার পরও তাকে পুনরায় মারধর করা হয়। মোবাইল কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও ছবি দেখার অভিযোগে জোরপূর্বক আঘাত করা হয়েছে। এছাড়া তার ডান হাতে ইনজেকশন দেওয়া হয় এবং পরে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়। পরে জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

