দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে সম্ভাব্য একটি সমঝোতার রূপরেখা বা মৌলিক কাঠামো তৈরি হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি বন্ধুপ্রতীম দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানায়।
তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত এই সমঝোতার মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে ও সম্পূর্ণ উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি; তবে শর্ত হলো, দ্রুত চুক্তিটি সম্পন্ন করতে হবে।” তিনি আরও দাবি করেন, ইসরায়েলও তাঁর এই সিদ্ধান্তে একমত রয়েছে। পোস্টের শেষ অংশে তিনি সংশ্লিষ্টদের দ্রুত আলোচনা সম্পন্ন করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

