অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, চরম অপুষ্টি এবং শিশু পরিচর্যায় সচেতনতার অভাবের কারণে দেশে বিভিন্ন রোগ উদ্বেগজনক হারে বাড়ছে বলে গভীর প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ করে চিজসমৃদ্ধ পিৎজা, বার্গার ও পোড়া তেলে ভাজা ফাস্টফুডের অতিমাত্রায় গ্রহণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, “শিশুর সার্বিক বিকাশে মাতৃদুগ্ধই সর্বোত্তম পুষ্টির উৎস। তবে সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধি এবং অবহেলার কারণে অনেক শিশু জন্মের পর সঠিক সময়ে মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে।” হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মায়েরা নিজেরাও সঠিক পুষ্টি পাচ্ছেন না, যার ফলে শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং হামের মতো সংক্রামক রোগে সহজেই আক্রান্ত হচ্ছে।
রোগ প্রতিরোধের ওপর জোর দিয়ে তিনি বলেন, “চিকিৎসার চেয়ে প্রতিরোধই মূল সমাধান।” তাই শিশুদের বোতল ও প্যাকেটজাত খাবারের অভ্যাস বাদ দিয়ে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, অল্প বয়সে বিয়ে, অসচেতনতা, কর্মজীবী মায়েদের পর্যাপ্ত সময় না দেওয়া এবং হাসপাতালে নবজাতককে মায়ের বুকের কাছে না রাখার প্রবণতা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে অসংক্রামক রোগ ও ক্যানসারের মতো জটিল স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

