কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের একাধিক শত্রুপক্ষীয় ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১ আগস্ট) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভোর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে এসব ড্রোন শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভূপাতিত করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান, ড্রোনগুলো কুয়েতের উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ড্রোন ধ্বংসের ফলে খণ্ডিতাংশ পড়ে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
কুয়েতের জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের শোনা বিকট বিস্ফোরণের শব্দ নিয়ে ছড়িয়ে পড়া উদ্বেগের জবাবে সামরিক বাহিনী জানায়, এসব শব্দ ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করার সময় সৃষ্ট বিস্ফোরণের শব্দ।
আঞ্চলিক উত্তেজনা ও চলমান ইরান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক বাহিনী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নাগরিকদের নিরাপত্তায় নির্দেশিকা মেনে চলার এবং পরবর্তী আপডেটগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ

