সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট বালু,একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন,বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে না পাওয়ায় মোবাইল কোর্ট আইন,২০০৯ অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন,”নদী,খাল ও পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন,”অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের পাশাপাশি কৃষিজমি,সড়ক ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
প্রশাসন জানিয়েছে,জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী পরবর্তী সময়ে নিলাম বা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

